‘প্রযুক্তিতে রোমান অক্ষরে বাংলা ভাষা বিকৃত হচ্ছে’

২০ ফেব্রুয়ারি, ২০২১ ১৬:০৯  
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আগে ‘প্রযুক্তিতে বাংলা ভাষার চাওয়া পাওয়া ও আকাঙ্ক্ষা’ নিয়ে অনুষ্ঠিত হলো ওয়েবিনার। শনিবার অনুষ্ঠিত ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ সুমন আহমেদ সাবির। উপস্থাপনায় নিউম্যারিক ভ্যালু ম্যাপিংয়ে বাংলা ভাষার সীমাবদ্ধতার কারণে হিসাবের ক্ষেত্রে বাংলা সংখ্যাতত্ব ব্যবহার করতে না পারা এবং আসকি থেকে ইউনিকোডে রূপান্তরে সফটওয়্যারগুলোর পারঙ্গমতার অভাবের বিষয়টি তুলে ধরেন তিনি। আক্ষেপ প্রকাশ করেন- এখনো নিশ্চিন্তে অনুসরণ যোগ্য বাংলা ডিজিটাল অভিধান না থাকা এবং বাংলা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংয়ে গবেষণা হওয়ার পরও তা সার্বজনীন ব্যবহারে পিছিয়ে থাকায়। তবে তথ্যপ্রযুক্তিকে বাংলাবান্ধব করতে ওসিআর, এনএলপিসহ ১৬টি টুলস তৈরি শেষ হলেই এই আক্ষেপ আর থাকবে না বলে আশ্বস্ত করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি- বিজয় বাংলা সফটওয়্যারের জনক, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। বাংলাকে প্রযুক্তি বান্ধব করতে এবারে মাতৃভাষা দিবস থেকে অর্ধেক খরচে ‘বাংলা খুদেবার্তা’ চালু করার উদ্যোগের কথাও তুলে ধরেন মন্ত্রী। একইসঙ্গে ওয়েব দুনিয়ায় রোমান অক্ষরে বাংলা লেখার মাধ্যমে ভাষার বিকৃতি না করতে সকলের প্রতি আহ্বান জানান মোস্তাফা জব্বার।  ক্ষেদ প্রকাশ করেন প্রযুক্তি ব্যবহারের নামে বাংলাকে নির্বাসনে পাঠানোর মানসিকতার বিষয়ে। টেকনলোজি মিডিয়া গিল্ড বাংলাদেশের (টিএমজিবি) আয়োজনে অনুষ্ঠিত এই ওয়েবিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবির,বিসিএস সভাপতি শাহীদ উল মুনির, আইএসপিএবি মহাসচিব ইমদাদুল হক, বাক্কো সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন এবং নারী উদ্যোক্ত সোনিয়া বশির কবীর।